ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সরকারের ভুল-ত্রুটিতে বিরোধী দলের দায় নেই: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা, দুর্নীতি ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সরকারের সমালোচনা শফিকুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৩:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:৪০:২৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
সরকারের ভুল-ত্রুটিতে বিরোধী দলের দায় নেই: শফিকুর রহমান ছবি: সংগৃহীত

সরকারের ভুল-ত্রুটির দায় বিরোধী দলের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনকল্যাণে কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে অনিয়ম ও ভুলের সমালোচনা করতেও পিছপা হবে না।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনিক নিরপেক্ষতা, গণমাধ্যম, প্রবাসীদের সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান বলেন, দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব থাকতে পারে না। সরকারের সব সিদ্ধান্তে সমর্থন দেওয়া কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করা—কোনোটিই তাদের অবস্থান নয়। রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীনদের সব কাজ ইতিবাচক এবং বিরোধীদের সব কর্মকাণ্ড নেতিবাচকভাবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পুলিশের মধ্যে দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা থাকলেও সার্বিক পরিস্থিতির উন্নতি প্রয়োজন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।


জেলা পরিষদে দায়িত্ব বণ্টন এবং সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ঘিরে দলীয়করণের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশাসনিক দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে সাময়িকভাবে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেত কি না, তা জানতে চান তিনি।


দুর্নীতি ও চাঁদাবাজিকে রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। জনপ্রতিনিধি বা মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে যথাযথ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে পদমর্যাদা বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। বহিষ্কারের পর তাঁর সঙ্গে দলের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানান তিনি।


দেশের অনিয়ম ও বিভিন্ন ঘটনা জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। অতীতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা ছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি। সাংবাদিকদের সাহসী, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার কথা বলেন।


বাংলাদেশকে সব নাগরিকের দেশ উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও বৈচিত্র্যপূর্ণ সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকলে সবাই উপকৃত হবে। রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।


সৌদি আরবের কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি বন্দী থাকার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশটির আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। তবে বন্দীরা ন্যায়বিচার পাচ্ছেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের খোঁজখবর রাখা প্রয়োজন।


প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের আরও সক্রিয় ভূমিকা চান জামায়াত আমির। বিমানবন্দরে লাগেজ পেতে আগের তুলনায় সময় কম লাগার বিষয়টি উল্লেখ করে প্রবাসীদের আন্দোলনের সফলতার কথাও তুলে ধরেন তিনি।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান জানান, তাঁদের দল জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে না। ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


মতবিনিময় সভায় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন, প্রশাসনিক নিরপেক্ষতা, জবাবদিহি ও জনগণের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতে ইসলামীর আমির।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।