ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪, আহত প্রায় ৮০

টলেডো প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় বহু হতাহত, দ্রুতগতির ট্রেন চলাচল বন্ধ রেখে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১০:২৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১০:২৮:১৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪, আহত প্রায় ৮০ ছবি—সংগৃহীত

স্পেনের টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৬৪ জন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন।

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে সংযোগকারী দ্রুতগতির রেলপথে সংঘর্ষের পর দুটি বগি লাইনচ্যুত হয়।


আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর এবং ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত কয়েকজনকে বাঁচানো কঠিন হতে পারে বলে জানিয়েছেন দুর্ঘটনাস্থল কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া পাখে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দিলে দুটি বগি লাইনচ্যুত হয়। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।


দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির একটি রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অন্যটি বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন। পাদিয়ার তথ্য অনুযায়ী, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন।

সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে জরুরি সেবাসংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ইরিওর ট্রেনের দুটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লাইনচ্যুত বগির ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি দেখা গেছে।

টিভিইকে গার্সিয়া পাখে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি বগি থেকে জীবিত যাত্রী ও মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সংঘর্ষের তীব্রতা বিবেচনায় ঘটনাটিকে বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


উদ্ধার অভিযানে সহায়তার জন্য মাদ্রিদ থেকেও জরুরি চিকিৎসা দল ও দমকলকর্মী পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন রাজধানীর মেয়র হোসে লুইস মার্তিনেস আলমেইদা। দুর্ঘটনার পর স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া পর্যন্ত দ্রুতগতির ট্রেন চলাচল স্থগিত করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে বিশেষ তদন্ত দল পাঠিয়েছে দেশটির সিভিল গার্ড।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধার অভিযান চলাকালে তিনি পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং আঞ্চলিক প্রেসিডেন্ট গার্সিয়া পাখের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই শোকের সময়ে ইউরোপ স্পেনের মানুষের পাশে রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁও স্পেনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলের আদামুজ শহরের কাছে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন। ২০১৩ সালের পর সেটিই ছিল স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ২০১৩ সালে দেশটিতে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন প্রাণ হারিয়েছিলেন।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।