বুটেক্সে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন, প্রদীপের আলোয় আলোকিত ক্যাম্পাস
বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে পূজা, গীতা আলোচনা ও দামোদর প্রদীপ নিবেদন; সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ক্যাম্পাস।
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:৪০:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:৪০:২৫ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৭ বার পঠিত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা, দীপাবলি ও দামোদর প্রদীপ নিবেদন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে পূজা-অর্চনা, গীতা আলোচনা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন শিক্ষার্থীরা। সারি সারি প্রদীপের আলোয় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সূচনা হয় রাত ১০টায় গীতা আলোচনার মধ্য দিয়ে। পরে রাত সাড়ে ১০টায় পবিত্র দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। রাত ১২টার দিকে ঢাকের বাদ্য, ‘জয় মা কালী’ ধ্বনি ও ধূপের সুগন্ধে শুরু হয় মাতৃবরণের আনুষ্ঠানিকতা। এরপর যথাযথ ধর্মীয় রীতি অনুসরণ করে অধিবাস, মায়ের আরতি ও মাতৃপূজা সম্পন্ন হয়। পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীত পরিবেশনায় অংশ নেন উপস্থিত শিক্ষার্থীরা।
দিনভর উপবাস পালনের পর ভোর সাড়ে ৬টায় ভক্তরা অঞ্জলি প্রদান করেন। পরে উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
মূল পূজার আয়োজনের আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন, আতশবাজি ও মিষ্টি বিতরণের মাধ্যমে দীপাবলির আনন্দ ভাগ করে নেন। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশে আবাসিক হলগুলোতেও উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং উত্তরা মন্দিরের গীতা শিক্ষক শ্রীপদ ত্রিভঙ্গ শ্যাম দাস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের সজল বিশ্বাস, ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর, ৪৫তম ব্যাচের জয় পাল ও ৪৬তম ব্যাচের সৌরভ রায়সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বর্তমান শিক্ষার্থী, তাঁদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজল বিশ্বাস আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিবছর আরও সুন্দর ও বড় পরিসরে উৎসব আয়োজন করছেন। এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি আয়োজকদের শুভকামনা জানান।
৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৌরভ রায় বলেন, এ আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষ্য অনুযায়ী, ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর প্রথম দামোদর ব্রত পালনের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস কারণ জানান, এবার তৃতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। গ্রামীণ পরিবেশের ঐতিহ্য ও সৌন্দর্যকে তুলে ধরতে এবার পূজামণ্ডপ সাজানো হয়েছে ‘গ্রামীণ বারান্দা’ থিমে। শহুরে আয়োজনের পরিবর্তে গ্রামের উঠানের পূজার আবহ ফুটিয়ে তোলার লক্ষ্যেই এ ভাবনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। দুর্গাপূজার পর এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। একই সময়ে উদযাপিত দীপাবলিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অনেক পরিবারে প্রয়াত পিতৃপুরুষ ও প্রিয়জনদের স্মরণে প্রদীপ জ্বালানোর ঐতিহ্যও রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।