ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা

মাঠে কেটে রাখা ধান পানিতে নিমজ্জিত, হেলে পড়েছে অনেক জমির ধানগাছ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৩১:৪৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা সংগৃহীত ছবি

টানা চার দিনের বৃষ্টিতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে বৃষ্টির পানিতে ধানের শিষ থেকে দানা ঝরে পড়া এবং ধানের স্বাভাবিক রং নষ্ট হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, টানা মাঝারি বৃষ্টিতে বরেন্দ্র অঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন বিল এলাকায় কেটে রাখা আমন ধান পানিতে ডুবে গেছে। উত্তরাঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য জেলা থেকেও কৃষকদের দুর্ভোগের খবর পাওয়া গেছে।


আমন ধান কাটার পর মাড়াইয়ের আগে চার থেকে পাঁচ দিন মাঠে শুকাতে হয়। এতে ধানের আর্দ্রতা কমে এবং স্বাভাবিক রং অক্ষুণ্ন থাকে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে বৃষ্টি শুরু হওয়ায় কৃষকেরা কাটা ধান শুকানোর সুযোগ পাননি।


শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। এতে অধিকাংশ কৃষক মাঠ থেকে কাটা আমন ধান মাড়াইয়ের খলায় তুলতে পারেননি।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ শতাংশ জমির মধ্যে অর্ধেকের ধান কেটে মাঠে রাখা হয়েছে। অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসে হেলে পড়েছে।


চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবার ভালো ফলনের আশা করা হয়েছিল। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।


উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে রংপুরের পাঁচ জেলায় সবচেয়ে বেশি ৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।


দিনাজপুরের বৃহত্তর তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন, রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর জমি থেকে ১৩ লাখ ৩৯ হাজার টন এবং বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর জমি থেকে ১২ লাখ ৮০ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।


কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো আমন উৎপাদনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদনে কিছুটা তারতম্য হতে পারে। এ অঞ্চলের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।


কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা ছিল, এবার ভালো আবাদ হওয়ায় প্রতি হেক্টরে ৩ দশমিক ৪২ টন আমন ধান উৎপাদিত হবে। তবে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সম্ভাব্য উৎপাদন কতটা কমতে পারে, তা নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।


এদিকে সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর এলাকা সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাঠের পর মাঠে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন ধান পড়ে রয়েছে। কোথাও কোথাও ধানক্ষেতে হাঁটুপানি জমেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ধানগাছও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।