৫১তম বিসিএস পরীক্ষার হলে প্রবেশে পিএসসির নির্দেশনা
১১ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা, সাড়ে ৯টার পর হলে প্রবেশ নিষেধ।
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৪০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৪০:৩৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি সংগৃহীত
৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের জন্য একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।
পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়েছে। গত ২৩ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি কক্ষের জন্য দৈবচয়ন পদ্ধতিতে রেজিস্ট্রেশন নম্বর সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হবে।
পিএসসি জানিয়েছে, দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের আসন ও কক্ষ নির্ধারণ করতে কিছুটা সময় প্রয়োজন হবে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই হলে প্রবেশ করে নিজের আসন ও কক্ষ শনাক্ত করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিশেষ বিসিএসের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসক-সংকট কমাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পিএসসির নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।