ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটি বিলুপ্ত ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:৩০:২২ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট সংগৃহীত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহনকারী স্বাস্থ্য কার্ডধারী জুলাই যোদ্ধারা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদনটি করেছেন।


রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।


এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। তবে ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


রিট আবেদনে বলা হয়, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে আবেদনকারীদের দাবি, নির্বাহী আদেশের মাধ্যমে দেওয়া এই নিষেধাজ্ঞা সাময়িক। তাই আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা প্রয়োজন।


আবেদনে অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালাচ্ছেন। এসব ঘটনার মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। একই দিনে সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলার ঘটনাও আবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে।


রিটে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, ‘তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে।’


আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে অডিও বার্তা, টেলিফোন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে দেশে এসে বৈঠক করছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।


রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রস্তাবিত কমিটিকে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’ সংশ্লিষ্ট অভিযোগ তদন্ত করতে বলা হয়েছে।


এ ছাড়া শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়েও তদন্তের আবেদন জানানো হয়েছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।


আবেদনে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে আওয়ামী লীগের দেশি-বিদেশি অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি চিহ্নিত করে তহবিল জব্দের বিষয়ে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলার আবেদন করা হয়েছে।


এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আবেদনও রয়েছে।


একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।