হাদির ওপর হামলা: প্রচার দলে নতুন যুক্ত হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৫২:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৫২:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
সংগৃহীত
ঢাকার বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। ইনকিলাব মঞ্চের এক সদস্য দাবি করেছেন, মোটরসাইকেলে এসে হামলায় অংশ নেওয়া দুই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে হাদির নির্বাচনি প্রচারণা দলে যুক্ত হয়েছিল। ঘটনার পর পুলিশ ও র্যাব ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় যাচাই করছে।
ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, মোটরসাইকেলে আসা দুজনের মধ্যে একজন সরাসরি হাদির দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি বলেন, ওই দুই ব্যক্তি সম্প্রতি প্রচারদলে যোগ দিলেও মাঝখানে কিছুদিন দেখা যায়নি এবং কয়েকদিন আগে আবার প্রচার কাজে যুক্ত হন।
শুক্রবার দুপুরে বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, হাদির মাথায় গুলির আঘাত রয়েছে এবং তার অবস্থা গুরুতর।
সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকদের অংশগ্রহণে তার অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতাল সূত্র জানায়, অপারেশনের প্রথম ধাপ শেষে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকরা স্বজনদের জানিয়েছেন, প্রয়োজন হলে হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
নির্বাচনকালীন এই হামলার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ঘটনার বিশদ তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।