ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সমঝোতা স্মারক স্বাক্ষর: স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় ঘোষণা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:৩৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:৩৬:১২ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সমঝোতা স্মারক স্বাক্ষর: স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় ছবি : প্রতিনিধি


সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ডায়াগনস্টিক পরীক্ষা সাশ্রয়ী করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বরিশাল শাখার সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


চুক্তিতে বিএম কলেজের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. মোশাররফ হোসেন। এ সময় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন জুয়েলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


পপুলার কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি অনুযায়ী, পরীক্ষাগুলোতে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সব ধরনের পরীক্ষায় এই ছাড়ের হার সমান নয়, পরীক্ষাভেদে ছাড়ের পরিমাণ ভিন্ন হবে। এছাড়া চিকিৎসকের কনসালটেশন ফির ক্ষেত্রে কোনো ছাড় প্রযোজ্য হবে না।


সুবিধা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, সুবিধাটি উপভোগ করতে সেবাগ্রহীতাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিজেদের বিএম কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। তবে এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিরাই পাবেন, তাঁদের পরিবারের কোনো সদস্য এই সুবিধার আওতাভুক্ত হবেন না।


গতকাল চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এই সমঝোতা স্মারকের সুবিধা কার্যকর হয়েছে এবং এটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।


এ চুক্তির বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন জুয়েল বলেন, "এই চুক্তির মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" তিনি আরও যোগ করেন, "যেখানে শিক্ষা জ্ঞান দেবে, আর স্বাস্থ্য দেবে সেই জ্ঞানকে কাজে লাগানোর শক্তি। সুস্থ মানুষই একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি।"


এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ফাল্গুনী পাল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে এই চুক্তিকে আমি খুবই ইতিবাচক মনে করি। সর্বোচ্চ ৩০% ছাড় থাকায় এখন টাকার চিন্তা না করেই প্রয়োজনীয় টেস্ট করানো যাবে। এটি বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির বিষয়। অসুস্থ হলে সময়মতো চিকিৎসা নিশ্চিত হবে, পড়াশোনার ক্ষতিও কম হবে। কলেজ প্রশাসন ও পপুলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আরও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।"


একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুদ নাইম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিএম কলেজে পড়ুয়া অনেক শিক্ষার্থীই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের জন্য ডায়াগনস্টিক পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের এই ব্যবস্থা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে ভবিষ্যতে ছাড়ের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত করা গেলে ভালো হবে। পাশাপাশি অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।”


সংশ্লিষ্টরা মনে করেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিএম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সাশ্রয়ী মূল্যে ডায়াগনস্টিক পরীক্ষা করানোর সুযোগ পাবেন। বিশেষ করে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ আর্থিকভাবে কিছুটা স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যকার এ ধরনের যৌথ উদ্যোগ বরিশালের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারিত হলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।