ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি, শারীরিক অবস্থা স্থিতিশীল

ভাইরাস সংক্রমণ থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই ফের অসুস্থ, চলছে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:০৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:০৯:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি, শারীরিক অবস্থা স্থিতিশীল ছবি সংগৃহীত

ভাইরাস সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার (২৩ অক্টোবর) জার্মান ক্লাবটির দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসক ডাকা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসা চলছে।


গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাস সংক্রমণে ভুগছিলেন কোম্পানি। অসুস্থতার কারণে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন ও দলের শেষ অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি তিনি। একই শারীরিক সমস্যার কারণে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালে তাঁকে অফিসের সোফায় শুয়ে থাকতে হয়েছিল। সংক্রমণের প্রভাবে পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দেওয়ায় সিঁড়ি দিয়ে ওঠার মতো স্বাভাবিক কাজেও সমস্যায় পড়েন তিনি।


শারীরিক অসুস্থতা সত্ত্বেও বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে বায়ার্নের ডাগআউটে উপস্থিত ছিলেন কোম্পানি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। খেলা শেষে নিজের শারীরিক অবস্থাকে উপেক্ষা করে অতিরিক্ত চাপ নেওয়ার কথা স্বীকার করেছিলেন তিনি।


শুক্রবার বায়ার্নের সাবেনার স্ট্রাস অনুশীলনকেন্দ্রে দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণের সময় আবার অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরিস্থিতি বিবেচনায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, অসুস্থ হয়ে পড়ায় তাঁর চিকিৎসার প্রয়োজন হয়েছে। বর্তমানে হাসপাতালে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আপাতত তাঁকে চিকিৎসাধীন থাকতে হবে।


বায়ার্ন মিউনিখের ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল জানিয়েছেন, কোম্পানির সুস্থ হয়ে ওঠাই এখন ক্লাবের প্রধান অগ্রাধিকার। তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সম্পূর্ণ সুস্থ হতে যত দিন প্রয়োজন, তাঁকে তত দিন সময় দেওয়া হবে। কোচিং স্টাফের ওপর ক্লাবের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বায়ার্নের পক্ষ থেকে কোম্পানির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।


ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি ২০২৪ সালে বায়ার্ন মিউনিখের প্রধান কোচের দায়িত্ব নেন। তাঁর অধীনে জার্মানির শীর্ষ ক্লাবটি প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জেতে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।