বিয়েতে রাজি না হওয়ায় মিরপুরে তরুণীকে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার
রূপনগরের শিয়ালবাড়ী মোড়ে দুপুরের খাবারের বিরতিতে কর্মস্থল থেকে বের হওয়ার পর হামলার শিকার হন ভুক্তভোগী, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:৩৮:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:৩৮:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে রূপনগর এলাকার ৫ নম্বর রোডের শিয়ালবাড়ী মোড়ে রাইজিং ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে বের হয়েছিলেন ওই তরুণী। এ সময় পেছন থেকে অতর্কিত এসে তার মাথায় আঘাত করে এক যুবক। তরুণী কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করলে তরুণী মাটিতে লুটিয়ে পড়েন এবং নিস্তেজ হয়ে যান।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালের দিগন্ত-কে জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে নিশ্চিত করেছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।