দেওবন্দের উসুল ও আদর্শ আঁকড়ে ধরলে মাদরাসাগুলো সফল হবে: মুফতি তাকি উসমানি
ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা ফুজালা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিলেন প্রখ্যাত এই আলেম।
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১০:১৭:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১০:১৭:৪৭ পূর্বাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস পেশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ সময় তিনি বলেন, দীনি মাদরাসাগুলো যতদিন দারুল উলুম দেওবন্দের উসুল, নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালিত হবে, ততদিন সেগুলো দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে। তাই সব ধরনের পরিস্থিতিতে আকাবিরে উলামায়ে কেরামের দেখানো পথ দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি। প্রায় ১৫ বছর পর তার বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় সরাসরি সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তবে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে তিনি হাদিসের দরস প্রদান করেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনে উপস্থিত আলেম-ওলামা, ফুজালা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
দরসের শুরুতে মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেন, এই মোবারক মাহফিলে সরাসরি উপস্থিত হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এরপরও ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সম্মেলনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি বিশেষভাবে স্মরণ করেন ফরিদাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-কে। তার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে মুফতি তাকি উসমানি বলেন, ছদর সাহেবের সঙ্গে বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত মুখলিস, লিল্লাহিয়াতসম্পন্ন এবং দীনের জন্য নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তার ইখলাস, ত্যাগ ও দীনের খেদমতের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মুফতি তাকি উসমানি আরও বলেন, দীনি মাদরাসাগুলোর মূল প্রাণশক্তি হচ্ছে দারুল উলুম দেওবন্দের আদর্শ ও কর্মপদ্ধতি। এই আদর্শ থেকে বিচ্যুত না হয়ে আকাবিরের রেখে যাওয়া নীতি ও শিক্ষা অনুসরণ করতে হবে। প্রতিকূল পরিস্থিতি কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই যেন তাদের আদর্শিক অবস্থান থেকে সরিয়ে দিতে না পারে। দেওবন্দের উসুল ও আদর্শের ওপর অবিচল থাকলেই মাদরাসাগুলো প্রকৃত সফলতা অর্জন করতে পারবে।
এর আগে সোমবার বিকেল ৪টায় রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলন’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে এ সম্মেলন। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন।
সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, সম্মেলনের প্রথম দিন বাদ এশা তিন হাজার ফুজালাকে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি প্রদান করা হয়েছে। পরবর্তী দুই দিন অবশিষ্ট ফুজালাদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হবে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পুরো সম্মেলনে প্রায় ২০ হাজার সাবেক শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ সাত দশকের দীনি শিক্ষা, দাওয়াহ ও ইসলামী খেদমতের স্মারক হিসেবে আয়োজিত এ সম্মেলনে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন, উলামায়ে কেরামের আলোচনা এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির অবদান স্মরণের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।