হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার, আহত একজন হাসপাতালে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে দুর্গম পথে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস
- আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩৪:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩৪:২০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬৭ বার পঠিত
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে দুর্গম পথে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানে আহত এক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বাকি সবাই সুস্থ রয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। ফেরার পথে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার সময় দলের একজন সদস্য পা পিছলে আহত হন। তার শারীরিক অবস্থার কারণে দলটির পক্ষে নিরাপদে ফিরে আসা সম্ভব হচ্ছিল না।
এ পরিস্থিতিতে পর্যটকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে বিকেলে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করা উচিত। জরুরি পরিস্থিতিতে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।