পাকিস্তানে সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ বহু
- আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৪:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৪:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ভেসে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভুক্তভোগীরা দুটি পরিবারের সদস্য এবং শিয়ালকোট ও মারদান থেকে সোয়াতে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ডাস্কার একটি বড় পরিবার নদীর পাশে অবস্থান করছিল। হঠাৎ পানির উচ্চতা বেড়ে গেলে তারা পানির স্রোতে ভেসে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান পরিবারপ্রধান আব্দুর রহমান, তার পুত্রবধূ, সন্তান, নাতি-নাতনিসহ মোট ১০ জন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর তীরে অবস্থানরত অন্তত ১৯ জন পর্যটক পানির তোড়ে ভেসে যান, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, টানা ভারি বর্ষণের কারণে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সেনাবাহিনী, রেসকিউ ১১২২-এর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
সোয়াতের মাম ধেরাই ও ঘালিগাইসহ আশপাশের এলাকা থেকে আরও অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো নিখোঁজ ১৮ জনের খোঁজে অভিযান চলছে।
ঘটনার পর শোকাহত গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।